ঢাকা, বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ট্রাম্প-কার্নির সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন

এবারের নোবেল শান্তি পুরস্কার কার হাতে উঠবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য তালিকায় চমক হিসেবে উঠে এসেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) নাম। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে বিভিন্ন পূর্বাভাসদাতা এ তথ্য জানিয়েছেন।


দ্য ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এ বছর আলোচনায় থাকা অন্য নামগুলোর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, সুদানের জরুরি ত্রাণকর্মীদের নেটওয়ার্ক, ইউক্রেনের শিশু অধিকারকর্মী মিকোলা কুলেবা, সেভ দ্য চিলড্রেন, সাংবাদিকদের অধিকার রক্ষাকারী সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস এবং দুটি আন্তর্জাতিক আদালত।


নরওয়ের নোবেল কমিটি আগামী ৯ অক্টোবর অসলোতে এবারের শান্তি পুরস্কার ঘোষণা করবে। এ বছর মোট ২৮৭ জন ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংগঠন। শান্তি পুরস্কারের অন্যতম পূর্বাভাসদাতা হাকন গেরলোভ মনে করেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হতে পারে ব্যতিক্রমী পছন্দ। তাঁর মতে, বিভিন্ন দেশের যৌথভাবে পরিচালিত এই মহাকাশ স্টেশন এমন এক সময়ে আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক, যখন বিশ্বের অনেক দেশ নিজেদের জাতীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে।


ট্রাম্পও বহুবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কয়েকজন রাজনৈতিক নেতা তাঁকে মনোনয়ন দেওয়ার কথা জানালেও নোবেল কমিটি ব্যক্তিগত মনোনয়ন নিশ্চিত করে না। চলমান যুদ্ধ ও আন্তর্জাতিক রাজনীতির কারণে ট্রাম্পের সম্ভাব্য পুরস্কার পাওয়া নিয়ে বিতর্ক রয়েছে। কানাডার প্রধানমন্ত্রী কার্নিও আলোচনায় রয়েছেন। যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিরুদ্ধে তাঁর অবস্থান তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এনেছে।


এ ছাড়া সুদান, ইউক্রেন ও গাজায় মানবিক সহায়তা এবং শিশু ও সাংবাদিকদের সুরক্ষায় কাজ করা বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নামও রয়েছে সম্ভাব্য তালিকায়। চলতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাত বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে শান্তি পুরস্কারটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ৯ অক্টোবর পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে অপেক্ষার পালা।

ads
ads
ads

Our Facebook Page

↑